মাত্র একটা ফুল…
মাত্র একটা ফুলের জন্য মানুষ নিজের বাড়ি, জমি এমনকি সারা জীবনের সঞ্চয় পর্যন্ত বিক্রি করে দিতে পারে।
শুনতে যদিও রূপকথা মনে হতে পারে। কিন্তু ইতিহাস বলছে, এমনটাই আসলে বাস্তব।
ফুলটার নাম টিউলিপ।
আজ টিউলিপের নাম শুনলেই নেদারল্যান্ডসের কথা মনে পড়ে। কিন্তু এই ফুলের জন্ম আসলে সেখানে নয়। এটা নিয়ে খুব ইন্টারেস্টিং একটা কাহিনী আছে।
ষোড়শ শতাব্দীতে সুলতান সুলেমান রোমান সাম্রাজ্যের একজন দূত বুসবেক-কে টিউলিপের বালব উপহার দেন। এই বালব আসলে কী?
আমরা যেমন পেঁয়াজ থেকে গাছ হতে দেখি, তেমনি টিউলিপের বালব ছিল পেঁয়াজের মতই দেখতে একটা গাছের সুপ্ত রূপ। সেটাকে মাটিতে রোপণ করলে তা থেকে গাছ এবং ফুল হয়।
তো রাষ্ট্রদূত বুসবেক সেই বালব হাতে পাওয়ার পরে তিনি আবার এক বন্ধুকে সেগুলো উপহার দেন। এই বন্ধু ছিল একজন উদ্ভিদবিজ্ঞানী কার্লোস ক্লুসিয়াস, যিনি ভিয়েনার রাজদরবারে বাগানে কাজ করতেন। এরপর তিনি নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে যাওয়ার সময় নিজের ব্যক্তিগত জিনিসপত্রের সাথে কিছু টিউলিপ বালব নিয়ে যান। আর এটাই পরে দেশটার জন্য মহাবিপদ ডেকে আনে।
লেইডেনে ক্লুসিয়াস টিউলিপ বালবগুলো রোপণ করলে এরপর দেখতে অপরূপ ফুলগুলো খুব দ্রুত ডাচদের মাঝে জনপ্রিয় হয়ে উঠে। তারপর এক সময় কিছু টিউলিপে দেখা দেয় ভাইরাসজনিত এক প্রকার রোগ। কিন্তু আশ্চর্যজনকভাবে সেটা ফুলের ক্ষতি না করে বরং পাপড়িগুলোতে আগুনের শিখার মতো দাগ সৃষ্টি করে, যা সেগুলোর সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছিল। দুষ্প্রাপ্য ডিজাইনের সেই টিউলিপগুলোর জনপ্রিয়তা হয়ে দাঁড়ায় আকাশচুম্বী, আর সেই সাথে দামও।
তখনকার সময় নেদারল্যান্ডস আসলে কেমন ছিল?
সপ্তদশ শতাব্দীর শুরুতে ইউরোপ যখন রাজতন্ত্র, যুদ্ধ আর দুর্ভিক্ষে জর্জরিত, ঠিক সেই সময় অস্থির মহাদেশের বুকে এই ছোট্ট দেশটা আলো ছড়াচ্ছিল। আমস্টারডামের বন্দর দিয়ে তখন ঢুকছে দূরপ্রাচ্যের মসলা, চীন ও জাপানের বিলাসবহুল পণ্য, বিভিন্ন দেশ থেকে আসা রূপা আর চিনির চালান। আমরা সবাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কম্পানির নাম শুনেছি, কিন্তু ঐ সময় তারও আগে গড়ে উঠে ডাচ ইস্ট ইন্ডিয়া কম্পানি। এটাই বিশ্বের প্রথম বহুজাতিক কর্পোরেশন, যেখানে ইতিহাসে প্রথমবারের মতো সাধারণ মানুষ কোম্পানির শেয়ার কিনে বৈশ্বিক বাণিজ্যের অংশ হতে পারছিল।
এই সময়টাকে বলা হয় ডাচ গোল্ডেন এইজ। কিন্তু এটার মানে কী ধারণা করতে পারছেন?...
মানুষের কাছে টাকা ছিল! আর ধনীদের শখের দাম লাখ টাকাকেও ছাড়িয়ে যায়।
সেই যে অপরূপ টিউলিপগুলো…. সেগুলো হয়ে উঠে তাদের প্রিয় শখের বস্তু। তবে হাতে টাকা ছিল কিন্তু আগুনের শিখার ডিজাইনের টিউলিপ তো সুলভ ছিল না। কাজেই ফলাফল এমন দাঁড়ায়, ফুলগুলোর দাম বাড়তে বাড়তে এমন হয় যে একটা টিউলিপের মূল্য দিয়ে গবাদি পশু, সোনা-রুপা তো বটেই; রাজধানী অ্যামস্টাডামে একটা বাড়ি পর্যন্ত কেনা যেত। তাও যেমন তেমন বাড়ি নয়, বিলাসবহুল বাড়ি!
এরকম দামেই বিক্রি হতে থাকে দুষ্প্রাপ্য টিউলিপ ফুল। কিন্তু এর পাশা পাশি সাধারণ সুস্থ টিউলিপও পিছিয়ে ছিল না। একটা ফুলের দাম দিয়ে এক পাল ভেড়া কেনা যেত!
আপনি নিশ্চয়ই ভাবছেন যে এত চাহিদা থাকলে টিউলিপের উৎপাদন কয়েক গুণ বাড়ালেই তো হতো, তাই না? কিন্তু সেটা আসলে সম্ভব ছিল না।
শীতকালে টিউলিপের বাল্ব মাটির নিচে ঢাকা থাকে। একটা বাল্ব থেকে পুরো বছরে মাত্র ২ থেকে ৩টা নতুন বাল্ব জন্মায়। আর সেগুলো থেকেও ফুল হতে প্রায় ১ বছর সময় লেগে যায়। কাজেই অল্প সময়ে উৎপাদন বৃদ্ধি ছিল একেবারে অসম্ভব…
টিউলিপের চাহিদা এত ভয়াবহভাবে বাড়তে শুরু করে যে মানুষজন সেটাকে আর শুধু সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখে না। তারা এটাকে দেখতে শুরু করে বিনিয়োগ হিসেবে! আর ঠিক সেখান থেকেই শুরু হয় ইতিহাসের অন্যতম অদ্ভুত এক অর্থনৈতিক উন্মাদনা।
শীতকালে যখন টিউলিপ বাল্ব বরফ আর মাটির নিচে ঢাকা, তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে শুরু হয় এক ভবিষ্যৎ চুক্তির খেলা।
টিউলিপ এখন হাতে না থাকলেও মাটির নিচের বাল্বগুলো থেকে সামনে তো ফুল হবে। তখন তো সেগুলোর দাম হবে আরও বেশি। একথা মাথায় রেখে হাজার হাজার লক্ষ লক্ষ নগদ টাকার বিনিময়ে ভবিষ্যতের অফুটন্ত টিউলিপগুলো বিক্রির চুক্তি হতে শুরু করে।
“আজকে নগদ টাকার বিনিময়ে বাল্ব কিনে রাখো। সেখান থেকে ফুল হলে মালিকানা বুঝিয়ে দেওয়া হবে।”
এই "ফিউচারস চুক্তিগুলো” এত দ্রুত জনপ্রিয় হয়ে উঠে যে ফুল তো দূরের কথা, মানুষ বাল্ব হাতে পাওয়ার আগেই সেগুলো একের পর এক বিক্রি করতে শুরু করে দেয়।
ধনীরা বাদেও মধ্যবিত্ত ব্যবসায়ী, কারিগর, নাবিক, সবাই এই খেলায় নেমে পড়ে।
অনেকে কোনোদিন নিজের হাতে একটা টিউলিপ বাল্ব ধরেওনি। অনেকেই হয়তো কোনোদিন ফুলটা ফুটতে দেখেনি। তবুও একের পর এক চুক্তি স্বাক্ষর হচ্ছিল। কারণ তখন সবাই একটা কথাই বিশ্বাস করতে শুরু করে।
আজ কিনলে আগামীকাল আরও বেশি দামে বিক্রি করা যাবে।
আর এই বিশ্বাসই ধীরে ধীরে পুরো জাতিকে এক উন্মাদনার দিকে ঠেলে দেয়।
১৬৩৬ সালের শীত থেকে ১৬৩৭ সালের শুরু।
টিউলিপ বাজার তখন এমন এক উচ্চতায় পৌঁছে গেছে, যেখানে বাস্তবতার সঙ্গে দামের আর কোনো সম্পর্কই অবশিষ্ট নেই। প্রতিটা নতুন ফুলের বিক্রি আগের দামের রেকর্ড ভেঙে দিচ্ছে। মানুষ বিশ্বাস করতে শুরু করেছে, এই দাম আর কখনোই কমবে না।
কিন্তু ইতিহাসের প্রতিটা অর্থনৈতিক বুদবুদের মতো এখানেও সবকিছু দাঁড়িয়ে ছিল মাত্র একটা জিনিসের ওপর।
বিশ্বাস।
১৬৩৭ সালের ফেব্রুয়ারি মাসে একদিন।
নেদারল্যান্ডসের হারলেম শহরে নিয়মিত টিউলিপের নিলাম বসত। সেদিনও সবাই ভেবেছিল যে আগের দিনের মতোই সেদিনও দাম আরও বাড়বে।
কিন্তু…..
হঠাৎ ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা।
নিলাম শুরু হলো। কিন্তু কোনো দর উঠল না। ক্রেতারা এগিয়ে এল না।
প্রথমে কেউ বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয়নি। হয়তো এটা কেবল একটা ব্যতিক্রম ঘটনা। হয়তো পরের নিলামেই সব স্বাভাবিক হয়ে যাবে।
কিন্তু বাজারে একটা প্রশ্ন ছড়িয়ে পড়ল, যার উত্তর কারও কাছে ছিল না।
“আজ যদি কেউ কিনতে না চায়, তাহলে আগামীকাল কার কাছে বিক্রি করা হবে?”
এই একটা প্রশ্নই মুহূর্তের মধ্যে বদলে দিল পুরো পরিস্থিতি। যেখানে কিছুক্ষণ আগেও ছিল আত্মবিশ্বাস, সেখানে জন্ম নিল আতঙ্ক।
মানুষ একের পর এক চুক্তি বাতিল করতে শুরু করল। যে টিউলিপ বাল্ব কয়েকদিন আগেও সোনার দামে বিক্রি হচ্ছিল, সেগুলোর জন্য হঠাৎ করেই আর কোনো ক্রেতা থাকল না। দাম ধসে পড়ে অবিশ্বাস্য গতিতে। যারা ঋণ নিয়ে বাল্ব কিনেছিল, তারা রাতারাতি নিঃস্ব হয়ে যায়। অসংখ্য মানুষ আর ঋণ শোধ করতে পারল না। আদালতে শুরু হতে থাকল চুক্তি আর অর্থ পরিশোধ নিয়ে বিরোধ।
অদ্ভুত বিষয় হলো, টিউলিপ ফুলের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। যে ফুল কয়েকদিন আগে সুন্দর ছিল, সেটা তখনো সুন্দর। যে বাল্ব কয়েকদিন আগে বিরল ছিল, সেটাও তখনো বিরল। পরিবর্তন এসেছিল শুধু মানুষের মনে।
অনেক আধুনিক ইতিহাসবিদ অবশ্য মনে করেন, পরবর্তী সময়ে টিউলিপ ম্যানিয়ার প্রভাব কিছুটা অতিরঞ্জিত হয়েছে। কেও কেও যে দাবি করে পুরো ডাচ অর্থনীতি ৭ দিনের মধ্যে ধ্বংস হয়ে গিয়েছিল, এমন দাবি পুরোপুরি সঠিক নয়। তবে এ নিয়ে মতভেদ থাকলেও একটা বিষয় নিয়ে প্রায় সবাই একমত।
টিউলিপ ম্যানিয়া ছিল ইতিহাসের প্রথম বড় অর্থনৈতিক বুদবুদগুলোর একটা, যা ভবিষ্যতের অসংখ্য আর্থিক সংকটের পূর্বাভাস হয়ে দাঁড়িয়েছিল। হয়তো তাই আজও এই গল্পটা শুধু ইতিহাসের পাতায় বন্দি হয়ে নেই। এটা বারবার ফিরে আসে। নতুন নামে। নতুন রূপে।
