সত্যিই কি জাপানে প্রতি পনেরো মিনিটে একটা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে? যে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো জাপানের মোট ব্যবসার প্রায় ৯৯.৭ শতাংশ, নিঃশব্দে ধ্বংসের এই ঢেউয়ের বাস্তবতা কতটা গভীর?
এই বাস্তবতাকে কাছ থেকে দেখতে হলে যেতে হবে টোকিওর এক শান্ত গলির ছোট্ট একটি ঘড়ির দোকানে। পুরোনো, সময়ের ভারে ক্লান্ত। মেঝেজুড়ে ছড়িয়ে আছে ঘড়ির যন্ত্রাংশ, আর দেয়ালে ঝুলে থাকা পুরোনো ঘড়িগুলো যেন অতীতের গল্প শোনায়। দোকানের মালিক ইসাও তাকাহাশি। বয়স সত্তর পেরিয়েছে। তবুও প্রতিদিন জানালার পাশে বসে তিনি ধৈর্য নিয়ে ঘড়ির কাঁটা মেরামত করেন। কখনো কখনো তার দৃষ্টি দূরে হারিয়ে যায়। নীরব, চিন্তামগ্ন।
এই গল্প শুধু একজন বৃদ্ধ মানুষের নয়। এটা জাপানের ছোট পারিবারিক ব্যবসাগুলোর ধীরে ধীরে হারিয়ে যাওয়ার গল্প। এক নিঃশব্দ জাতীয় সংকটের গল্প। তাকাহাশির মতো অসংখ্য ব্যবসায়ী প্রতিদিন একই আতঙ্কে বাঁচেন: “আমি চলে গেলে দোকানটাও শেষ হয়ে যাবে। কারণ আমার পরে এটাকে চালিয়ে নেওয়ার মতো কেউ নেই।”
এই ভয় তাদের ফিরিয়ে নিয়ে যায় ১৯৪৫ সালে।
হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার পর জাপান ছিল ধ্বংসস্তূপে পরিণত এক দেশ। চারদিকে মৃত্যু, শূন্যতা আর পোড়া সভ্যতার গন্ধ। তবুও জাতির হৃদস্পন্দন থেমে যায়নি। পৃথিবীর সামনে প্রশ্ন ছিল:
ধ্বংসস্তূপ থেকে কি আবারও উঠে দাঁড়ানো সম্ভব?
জাপান সেই প্রশ্নের উত্তর দিয়েছিল পুনর্গঠনের মাধ্যমে। ছাই থেকে গড়ে তুলেছিল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। ১৯৫০-এর দশকে, যখন বিশ্বের বহু দেশ এখনো যুদ্ধের ক্ষত সামলাচ্ছিল, তখন জাপানের ছোট ছোট ঘরোয়া কারখানাগুলো নিঃশব্দে নতুন প্রযুক্তির জন্ম দিচ্ছিল। এক দশকের মধ্যেই “Made in Japan” হয়ে ওঠে প্রযুক্তিগত উৎকর্ষতার প্রতীক।
১৯৬৪ সালে জাপান অলিম্পিক আয়োজন করে বিশ্বকে জানিয়ে দেয়: “আমরা ফিরে এসেছি।”
তারপর জন্ম নেয় Toyota, Honda, Panasonic, Nikon-এর মতো প্রতিষ্ঠান, যেগুলো আধুনিক পৃথিবীর চেহারাই বদলে দেয়।
কিন্তু প্রতিটা উত্থানের মতো জাপানের অর্থনীতিতেও একসময় ছায়া নেমে আসে। ১৯৯০-এর দশকে শুরু হয় ব্যাংক দেউলিয়া হওয়া, করপোরেট ক্ষতি ও বেকারত্বের ঢেউ। ইতিহাসে এই সময়টাই পরিচিত হয়ে ওঠে “হারানো দশক” নামে।
২০২৪ সালে জাপানের জন্মহার আরও প্রায় ৫ শতাংশ কমে যায়। অন্যদিকে ২০২৫ সালের মধ্যে যুদ্ধ-পরবর্তী বেবি বুমার প্রজন্মের অধিকাংশ মানুষের বয়স পঁচাত্তর ছাড়িয়ে যায়। ছোট ও মাঝারি ব্যবসার বিপুলসংখ্যক মালিক এই প্রবীণ প্রজন্মেরই অংশ।
তাদের ব্যবসাগুলো দশকের পর দশক টিকে আছে।
কিন্তু উত্তরসূরি হারিয়ে যাচ্ছে।
ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে প্রায় ১২.৭ লাখ ক্ষুদ্র ব্যবসা শুধুমাত্র উত্তরাধিকার সংকটের কারণে বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে হারিয়ে যেতে পারে প্রায় ৬৫ লাখ কর্মসংস্থান। অর্থনীতি থেকে মুছে যেতে পারে প্রায় ২২ ট্রিলিয়ন ইয়েন, অর্থাৎ আনুমানিক ১৫০ বিলিয়ন মার্কিন ডলার।
কিন্তু প্রশ্ন হলো, বর্তমান প্রজন্ম কেন এসব ব্যবসা নিতে আগ্রহ হারাচ্ছে?
১৯৮০-এর দশকে জাপানের ৯০ শতাংশেরও বেশি ব্যবসা পরিবারের মধ্যেই উত্তরাধিকার সূত্রে হস্তান্তর হতো। Nintendo, Panasonic, Suzuki-এর মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানও একসময় ছিল ছোট পারিবারিক ব্যবসা। অথচ আজ সেই উত্তরাধিকার হস্তান্তরের হার নেমে এসেছে ৩০ শতাংশের নিচে।
এর অন্যতম কারণ শহরমুখী জীবন ও আধুনিক পেশার আকর্ষণ।
প্রযুক্তি, সৃজনশীল শিল্প, মার্কেটিং, কিংবা সোশ্যাল মিডিয়ার ক্যারিয়ার তরুণদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। অন্যদিকে একটি পারিবারিক ব্যবসা চালাতে প্রয়োজন দীর্ঘ সময়ের শ্রম, ধৈর্য ও একাগ্রতা। কাজটা শুধু একটি দোকান চালানো নয়, বরং একটি ঐতিহ্য বহন করা।
কিন্তু সহজ ও দ্রুত সাফল্যের পথই এখন অনেকের কাছে বেশি কাঙ্ক্ষিত।
একই সঙ্গে জাপান আরও বড় এক সংকটের মুখোমুখি। জনসংখ্যা হ্রাস, শ্রমিক সংকট, গ্রামীণ জনশূন্যতা, সামাজিক বিচ্ছিন্নতা এবং অর্থনৈতিক স্থবিরতা ধীরে ধীরে দেশটির সামাজিক কাঠামোকেই বদলে দিচ্ছে।
এই উত্তরাধিকার সংকট মোকাবিলায় জাপানে বহু পুরোনো একটি প্রথা গড়ে ওঠে, যার নাম মুকোয়োশি।
এই প্রথায় প্রাপ্তবয়স্ক পুরুষদের দত্তক নেওয়া হয় পরিবারের ব্যবসা ও বংশধারা টিকিয়ে রাখার জন্য। ২০১১ সালে জাপানে প্রায় ৮১ হাজার দত্তক সম্পন্ন হয়েছিল, যার প্রায় ৯৮ শতাংশই ছিল বিশ থেকে ত্রিশ বছর বয়সী পুরুষ।
এই ব্যবস্থায় কোনো পুরুষ বিয়ের মাধ্যমে পরিবারে যুক্ত হলে তাকে আইনগতভাবে দত্তক নেওয়া হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এই প্রথার পরিধি আরও বিস্তৃত হয়েছে। বর্তমানে বিয়ে ছাড়াও উপযুক্ত উত্তরসূরি হিসেবে প্রাপ্তবয়স্ক পুরুষদের দত্তক নেওয়া হয়।
Suzuki ও Kikkoman-এর মতো বহু বিখ্যাত জাপানি প্রতিষ্ঠান এই প্রথার মাধ্যমে তাদের উত্তরাধিকার টিকিয়ে রেখেছে।
তবুও সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবস্থাও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।
তবে সব আলো এখনো নিভে যায়নি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে যেমন জাপান একদিন ফিরে এসেছিল কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও ধৈর্যের মাধ্যমে, হয়তো আবারও কোনো একদিন নতুন করে ঘুরে দাঁড়াবে।
আর সেই আশাতেই প্রতিদিন তাকাহাশি তার দোকান খোলেন।
আজও জানালার পাশে বসে থাকেন তিনি। তার পুরোনো চশমার আড়ালে ক্লান্ত চোখে জমে থাকে এক অদ্ভুত মায়া। দেয়ালে ঝুলে থাকা ঘড়িগুলো টিকটিক শব্দে যেন বলে যায়: সময় এখনো শেষ হয়নি।
হয়তো কোনো একদিন, কোনো তরুণ দরজায় কড়া নেড়ে বলবে: “তাকাহাশি সান, আমি আপনার কাজটা শিখতে চাই।”
