সেপ্টেম্বর, ১৯১৩। জার্মানির ছোট্ট শহর ডেগারলক। হালকা বৃষ্টিতে ভেজা নরম পথঘাট। সকালটা যেন অস্বাভাবিক নীরব। সেই নীরবতার মাঝে এক সাধারণ ঘরে ঘটে গেল ভয়াবহ এক ট্রাজেডি, যা হতবাক করেছিল সকলকে।
আর্নস্ট অগাস্ট ভ্যাগনার, ৩৮ বছর বয়সী এক স্কুলশিক্ষক। পরিচিত ছিলেন ভদ্রতা ও শান্ত স্বভাবের জন্য। ভোর হওয়ার আগে হত্যা করেন নিজ স্ত্রী ও চার সন্তানকে!
একই দিনে কাছের শহর মুলহাউজেনে গিয়ে মানুষদের নির্দ্বিধায় গুলি করতে শুরু করেন এবং আগুন ধরিয়ে দেন বিভিন্ন ভবনে ।
পরবর্তীতে মনোরোগ বিশেষজ্ঞরা তার মানসিক অবস্থা বিশ্লেষণ করে দেখেন, নীরবে বেড়ে ওঠা গভীর বিষণ্ণতার সঙ্গে তিনি বহু বছর ধরে লড়ছিলেন। এক নিঃশব্দ আবেগময় অন্ধকার যা ধীরে ধীরে গ্রাস করেছিল তার চিন্তা, অর্থবোধ ও আত্মপরিচয়কে। তার কর্মকাণ্ড নিঃসন্দেহে ভয়াবহ ছিল, কিন্তু এর পেছনের মানসিক ভাঙন ততটা বিরল নয় যতটা আমরা ভাবি।
আজ বিষণ্ণতা কোনো ব্যক্তির একাকী নীরব সংগ্রাম নয়, এটি এখন বৈশ্বিক বাস্তবতা। আমরা পূর্বের যেকোন প্রজন্মের চেয়ে বেশি সংযুক্ত, তবুও সবচেয়ে বেশি নিঃসঙ্গ এখনকার সম্পর্কগুলো হয়ে উঠছে ভঙ্গুর। আত্মচিত্র, সুবিধা কিংবা পরিত্যাগের ভয়ে গঠিত, বিশ্বাস বা যত্নের ভিত্তিতে নয়।
হারুকি মুরাকামি তাঁর Norwegian Wood উপন্যাসে এই নিঃসঙ্গতাকে অনবদ্যভাবে দেখিয়েছেন, কীভাবে ভালোবাসা শূন্যতার পাশে বসে থাকতে পারে, অথচ সেই শূন্যতাকে আরোগ্য দিতে পারে না।
ইতিহাসও এই আবেগীয় অবক্ষয়ের শিকড় গঠন করেছে। বিশ্বযুদ্ধগুলো চূর্ণ করেছে মানবতার প্রতি বিশ্বাসকে। মহামন্দা ধ্বংস করেছে অর্থনৈতিক স্থিতি। আর আধুনিক অর্থনৈতিক চাপ সেই একই মানসিক ক্লান্তি আজও বহন করে চলেছে।
গবেষণায় প্রমাণিত- অর্থনৈতিক অনিশ্চয়তা আর আবেগীয় হতাশার মধ্যাকার সম্পর্ক গভীর।
২০২২ সালের এক বৈশ্বিক সমীক্ষা জানায়, বেকারত্ব ১ শতাংশ বাড়লে আত্মহত্যার হার ২ থেকে ৩ শতাংশ বাড়ে।
কোভিড-১৯ মহামারিতে ২৫৫ মিলিয়ন মানুষ চাকরি হারায়, আর পাল্লা দিয়ে বাড়ে উদ্বেগ, অনিশ্চয়তা ও হতাশার ঢেউ।
অস্ট্রেলিয়ার এক দীর্ঘমেয়াদি গবেষণায় দেখা গেছে , প্রায় ১০ শতাংশ আত্মহত্যা সরাসরি চাকরি হারানো বা চাকরির অনিশ্চয়তার সঙ্গে সম্পর্কিত।
কিন্তু এসব কেবল পরিসংখ্যান নয়—
এগুলো নিত্যদিন নিঃশব্দে বেঁচে থাকা জীবনের গল্প।
একজন ছাত্র সোশ্যাল মিডিয়া ঘুরে দেখছে অন্যদের সাফল্য, শুধু থেমে আছে সে।
একজন বাবা চাকরি হারিয়ে অনুভব করেন যেন অস্তিত্ব হারিয়ে ফেলেছেন।
একজন তরুণী সম্পর্কের ভিতরে থেকেও অনুভব করে গভীর শূন্যতা।
সবার মাঝে হাসিমুখে থাকা এক বন্ধু রাতের নিরবতায় ডুকরে কেঁদে উঠে । কারণ সেই নিঃস্তব্ধতা বড়ই অসহনীয় ।
এগুলো কোনো নাটকীয় ট্র্যাজেডি নয়। এগুলো সাধারণ জীবনের প্রতিচ্ছবি। আর সেটাই তাদের সবচেয়ে ভয়ের করে তোলে।
মনের ভেতর শুরু হয় এক নিরব সংঘাত। নেতিবাচক চিন্তা স্থায়ী হয়ে যায়, পৃথিবী হয়ে ওঠে ভারী। জীবন হয়ে যায় ধূসর। মানুষটি ভাবতে শুরু করে, কেউই বুঝবে না তার যন্ত্রণা। কিন্তু তীব্র বাস্তবতায় সে একা নয়। সে লক্ষ কোটি মানুষেরই একজন।
বিষণ্ণতা আজ সমাজের প্রান্ত থেকে উঠে এসেছে কেন্দ্রবিন্দুতে । এর অবস্থান শ্রেণিকক্ষে, অফিসে, শোবার ঘরে, বসার ঘরে আর সেই নীরব মুখগুলোর আড়ালে, যাদের পাশ দিয়ে আমরা প্রতিদিন হেঁটে যাই। প্রতি বছর এ সংখ্যা বাড়ছে নিরবেই, আরও বেশি মানুষ অনুভব করছে, জীবন হয়ে উঠছে ক্রমে ভারী ও দুর্বোধ্য ।
আমরা প্রত্যক্ষ করছি কেবল ব্যক্তিগত যন্ত্রণা নয়, বরং এক বৈশ্বিক আবেগীয় জলবায়ুর পরিবর্তন।
এমন এক সময়, যখন আরও বেশি মানুষ ভিতর থেকে নিঃশব্দে ভেঙে পড়ছে। এমন এক যুগ, যেখানে দুঃখ ও শূন্যতার ভাষা হয়ে উঠেছে সার্বজনীন।যেখানে বেঁচে থাকার ভার কখনও এতটা ক্লান্তিকর মনে হয়নি।
এবং সম্ভবত সবচেয়ে গভীর উপলব্ধি হলো, আজকের বিষণ্ণতা কেবল একজনের ব্যক্তিগত অসুস্থতা না । এটি আমাদের গড়া সভ্যতার প্রতিচ্ছবি। সংযোগহীন যোগাযোগের এক পৃথিবী। যেখানে সাফল্য অর্জনের মূল্যই বড়। যেখানে মন খুঁজে পায় না শান্তির আশ্রয়।
মানুষ দুর্বলতার কারণে ভেঙে পড়ছে না, ভেঙে পড়ছে কারণ মানবমন কখনো শেখেনি অর্থহীনতা, অনিশ্চয়তা ও একাকীত্বে বেঁচে থাকতে।
১৯১৩ সালের ভ্যাগনারের ট্র্যাজেডি একসময় মনে করা হয়েছিল এক ব্যক্তির পতন। কিন্তু আজ সেই পতনের ছায়া সর্বত্র - ভিন্ন জীবনে ভিন্ন রূপে।
ভয়াবহ বাস্তবতা হলো আমরা শিখে ফেলছি এই ভার নিয়ে বাঁচতে। নিঃশব্দে তা বহন করতে। এবং ভান করতে যেন এটাই স্বাভাবিক।
আর এই ভানই এই যুগকে ঐতিহাসিক করে তুলছে। যুদ্ধ নয়, যা আমরা লড়ি কিংবা অগ্রগতি নয়, যা আমরা দাবি করি; বরং মানুষের হৃদয়ের গভীরে নিঃশব্দে জমে থাকা সেই বেদনা, যা ধীরে ধীরে, অদৃশ্য এক জোয়ারের মতো ছড়িয়ে পড়ছে।
বিষণ্ণতার মহামারী ইতিমধ্যেই উপস্থিত..
যা সংজ্ঞায়িত করছে এ সময়ের আবেগীয় ইতিহাস...
